ঘটনাস্থলেই ছিলেন না, জানতেনও না তবুও আসামি! উত্তর আলমপুরের মামলায় ‘অদৃশ্য যোদ্ধাদের’ কীর্তি



গোলাপগঞ্জ প্রতিনিধি ঃ গোলাপগঞ্জ  উপজেলার ১০ নং উত্তর বাদেপাশা ইউনিয়নের উত্তর আলমপুরে গত ১২ নভেম্বর ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৫টার দিকে ঘটে যাওয়া মারামারির ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া পাল্টাপাল্টি মামলা এখন এলাকায় তীব্র আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। অভিযোগ উঠেছে, আবুল আহমদের দায়ের করা মামলায় এমন কিছু নিরপরাধ মানুষ কে  আসামি করা হয়েছে, যাঁরা ঘটনার সময় ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন না, এমনকি কোথায় মারামারি হয়েছে তা-ও জানতেন না। অনুপস্থিত ব্যক্তিদের বিরুদ্ধে মারামারিতে সম্পৃক্ততার অভিযোগ যুক্ত হওয়ায় ঘটনাটি নিয়ে স্থানীয় মহলে তৈরি হয়েছে বিস্ময়, কৌতুক ও ক্ষোভ।

অনুসন্ধানে জানা গেছে, একই ঘটনার প্রেক্ষাপটে ১৩ নভেম্বর গোলাপগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন মোঃ জিলু মিয়া, যেখানে আবুল আহমদ, আফিয়া বেগম, ফরিদ আহমদ ও জনি বেগমসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে অভিযুক্ত করা হয়েছে এবং ভাতিজা জাবের আহমদ তুহিনকে মারধর, আহত করা ও মোটরসাইকেল নিয়ে যাওয়ার অভিযোগ আনা হয়েছে। এর বিপরীতে

১৬ নভেম্বর গোলাপগঞ্জ মডেল থানায় বাদী হয়ে মামলা করেন আবুল আহমদ, যেখানে মোঃ জিলু মিয়া ও জাবের আহমদ তুহিনসহ মোট ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়। একই তারিখ ও সময়ের ঘটনাকে কেন্দ্র করে পরস্পরবিরোধী এই দুই মামলায় মারধর, হামলা, ভাঙচুর, চুরি ও প্রাণনাশের হুমকির মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে।

আবুল আহমদের দায়ের করা মামলার  ১, ৩, ৬, থেকে ১০ নম্বর আসামি হিসেবে জাদের নাম এসেছে তারা হলেন সোহান উদ্দিন উজ্জ্বল, জীলু মিয়া আসকর আলী, আফছার আহমদ, গিয়াস উদ্দিন, আবুল কালাম ও শামীম আহমেদ। 

অভিযোগ উঠেছে, এই সাতজন ঘটনার সময় মারামারিতে সম্পৃক্ত ছিলেন না; বরং ভুক্তভোগীদের দাবি, ব্যক্তিগত বিরোধের জেরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়িয়ে তাঁদের হয়রানি করার চেষ্টা চলছে। ঘটনাস্থলে না থেকেও এবং ঘটনার বিষয়ে না জেনেও কীভাবে তাঁদের নাম এজাহারে যুক্ত হলো, তা নিয়ে স্থানীয়দের ভাষ্য—এ যেন কৌশলে নিরপরাধ ব্যক্তিদের বিপাকে ফেলার এক অপচেষ্টা। সচেতন মহলের প্রশ্ন—যাঁরা ঘটনাস্থলে উপস্থিতই ছিলেন না এবং ঘটনার খবরই জানতেন না, তাঁদের বিরুদ্ধে অভিযোগ আনার পেছনে আসল উদ্দেশ্য কী?

পাল্টাপাল্টি মামলা এবং অনুপস্থিত থাকা ব্যক্তিদের আসামি করার অভিযোগের সত্যতা ও বক্তব্য জানার জন্য সংবাদকর্মীরা আবুল আহমদের বাড়িতে যান। অভিযোগ রয়েছে, সেখানে পৌঁছানোর পর সাংবাদিকদের দেখে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং হাতে থাকা কোদাল নিয়ে তাঁদের দিকে তেড়ে আসেন। একপর্যায়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করলে পরিস্থিতি অনাকাঙ্ক্ষিত রূপ নেয়। পরে সংবাদকর্মীরা তাৎক্ষণিকভাবে বিষয়টি গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে অবহিত করেন এবং নিরাপত্তার স্বার্থে ওই স্থান থেকে চলে আসতে বাধ্য হন।

মামলার বাদীর এমন আচরণে ক্ষুব্ধ সংবাদকর্মীদের দাবি, দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের দিকে কোদাল নিয়ে তেড়ে আসা ও গালিগালাজ করা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। স্থানীয়দের ভাষ্য ও সচেতন মহলের প্রশ্ন—একটি মামলার বিষয়ে স্বাভাবিক প্রশ্ন করার পরও কেন এমন মারমুখী আচরণ করা হলো এবং এর পেছনে কোনো উদ্দেশ্য রয়েছে কি না। এই ঘটনা একদিকে যেমন সাতজন নিরপরাধকে আসামি করার অভিযোগের প্রশ্নকে সামনে এনেছে, অন্যদিকে তেমনি দায়িত্বরত সংবাদকর্মীদের পেশাগত নিরাপত্তা ও জনস্বার্থের বিষয়টিকেও গুরুতর করে তুলেছে।

ভুক্তভোগীদের দাবি, এমন হয়রানিমূলক আসামি করার চর্চা বন্ধ করতে হবে এবং দুই মামলার সময়, ঘটনাস্থল ও সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতি যাচাই করে নিরপেক্ষ তদন্ত চালাতে হবে। একই সঙ্গে সংবাদকর্মীদের প্রতি মারমুখী আচরণের বিষয়টিও আইনগতভাবে খতিয়ে দেখা জরুরি। গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ পুরো ঘটনা ও অভিযোগগুলো গুরুত্বসহকারে তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন করবে এবং আইনানুগ ব্যবস্থা নেবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।


মামলার কাগজে নাম উঠলেই কেউ অপরাধী হয়ে যান না; বরং নিরঅপরাধ মানুষকে হয়রানি করা আইনের শাসন ও ন্যায়বিচারের পরিপন্থী। তাই তদন্তকারী সংস্থার উচিত প্রকৃত ঘটনা ও সংশ্লিষ্টদের অনুপস্থিতির বিষয়টি খতিয়ে দেখে দোষীদের চিহ্নিত করা, নির্দোষদের হয়রানি থেকে রক্ষা করা এবং পেশাদারিত্ব ও জবাবদিহিতার জায়গাটি সুসংহত করা।

Post a Comment (0)
Previous Post Next Post