পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গোলাপগঞ্জ উপজেলার সর্বস্তরের জনসাধারণসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন তরুণ ইসলামী স্কলার, সামাজিক সংগঠক, সাংবাদিক, কলামিস্ট এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ডা. হা. মাও. হাফিজুল ইসলাম লস্কর।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "ঈদুল আজহা শুধু আনন্দের উৎসব নয়; এটি ত্যাগ, তাকওয়া, সহমর্মিতা ও মানবতার এক অনন্য শিক্ষা। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আত্মত্যাগের যে মহান আদর্শ হযরত ইবরাহিম (আ.) প্রতিষ্ঠা করেছিলেন, তা আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে ইনসাফ, নৈতিকতা, দায়িত্ববোধ এবং মানবকল্যাণে আত্মনিয়োগ করার অনুপ্রেরণা জোগায়।"
তিনি আরও উল্লেখ করেন, কোরবানির প্রকৃত শিক্ষা: হিংসা, বিদ্বেষ, লোভ ও অহংকার পরিহার করে মানুষের কল্যাণে কাজ করা। সমাজে শান্তি, সম্প্রীতি, ন্যায় ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি মানবিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
শেষে, ডা. হা. মাও. হাফিজুল ইসলাম লস্কর গোলাপগঞ্জ উপজেলার সর্বস্তরের জনসাধারণসহ দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে, পবিত্র ঈদুল আজহার আনন্দ এবং কোরবানির মহৎ শিক্ষা সবার জীবনে অনাবিল সুখ, কল্যাণ, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত বয়ে আনুক।
